দুদিনের মধ্যে লাল থেকে সাদায় অনায়াসে মানিয়ে নিলেন উসমান খাজা 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর মাত্র দুই দিনের মাথায় টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেই ম্যাচ জেতানো ইনিংস খেললেন উসমান খাজা। সাবেক ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিডনি থান্ডারকে হারিয়ে বিগ ব্যাশ লিগে (বিবিএল) দাপুটে জয় পেয়েছে ব্রিসবেন হিট।

গ্যাব্বায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার তোলে ৬ উইকেটে ১৮০ রান। জবাবে ২২ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে ব্রিসবেন হিট—তাদের স্কোর ৩ উইকেটে ১৮৩।

থান্ডারের হয়ে ডেভিড ওয়ার্নার খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৮২ রানের ঝকঝকে ব্যাটিংয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। নতুন বছরের শুরুতে অপরাজিত ১৩০ ও ৬৭ রানের পর আবারও বড় ইনিংসের পথে এগোচ্ছিলেন ওয়ার্নার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাঁটুতে আঘাত পাওয়ার পরই ঘটে নাটকীয় রানআউট।

জেভিয়ার বার্টলেটের বল সুইপ করতে গিয়ে বাম হাঁটুতে সরাসরি আঘাত পান ওয়ার্নার। এরপর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি, তার অনুপস্থিতিতে ব্রিসবেন হিটের ইনিংসে দলের নেতৃত্ব দেন ক্রিস গ্রিন। ব্যাটিংয়ে ওয়ার্নার শেষ পর্যন্ত রানআউট হয়ে ফেরেন—স্যাম বিলিংসের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলেই থামতে হয় তার ইনিংস।

টসের আগে ডেভিড ওয়ার্নারের সঙ্গে উসমান খাজা

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে ব্রিসবেন হিট। সাদা বলের ক্রিকেটে অনায়াসে মানিয়ে নিয়ে ৪৮ বলে ৭৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন ৩৯ বছর বয়সী খাজা। ম্যাট রেনশ’র সঙ্গে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হিটের হাতে তুলে দেন তিনি। রেনশ শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন। খাজা যখন জয়ের একেবারে কাছাকাছি গিয়ে আউট হন, তখন ব্রিসবেনের দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান—শুধু এই ইনিংসের জন্য নয়, বরং তার ৮৮ টেস্টের গৌরবময় ক্যারিয়ারের সম্মানেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত