নতুন গান ‘প্রশ্ন’ নিয়ে ফিরল ব্যান্ড বর্ণহীন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

দীর্ঘ ১১ বছরের বিরতির পর আবার সংগীতাঙ্গনে ফিরল আধুনিক বাংলা রক ব্যান্ড বর্ণহীন। মঙ্গলবার (৬ জানুয়ারি) ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের নতুন গান ‘প্রশ্ন’। 

২০০৭ সালে গঠিত বর্ণহীন ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু তরুণের আধুনিক বাংলা রকের প্রতি ভালোবাসা থেকে। নব্বই দশকে বেড়ে ওঠা শহুরে তরুণদের জীবনবোধ, সাদাকালো বাস্তবতার মাঝেও রঙিন স্বপ্ন দেখার চেষ্টা—এই অনুভূতিগুলোই শুরু থেকেই তাদের গানে প্রতিফলিত হয়েছে।

২০০৯ সালে সনি এরিকসন আয়োজিত প্রাইভেট ইউনিভার্সিটি ব্যান্ড প্রতিযোগিতা-তে নিজেদের প্রথম গান ‘অপার অনুভূতি’ দিয়ে বিজয়ী হয়ে আলোচনায় আসে বর্ণহীন। এরপর ২০১১ সালে রেডিও ফুর্তি আয়োজিত প্রতিযোগিতায় নতুন গান ‘রংধনু’ দিয়ে তারা অর্জন করে এয়ারটেল ইয়াংস্টার অব দ্য মান্থ খেতাব। গানটি ২০১২ সালে রেডিও ফুর্তি প্রযোজিত একটি মিক্সড ব্যান্ড অ্যালবামে প্রকাশিত হয়।

২০১৪ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম একক অ্যালবাম ‘সম্ভাবনার দিন’। এরপরই সংগীত কার্যক্রম থেকে দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যায় বর্ণহীন। 

নতুন গান ‘প্রশ্ন’ সম্পর্কে ব্যান্ড সদস্যরা জানান, এটি সেই নিরাকার প্রশ্নের প্রতিধ্বনি, যা সংগীতযাত্রা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাদের ভেতরে কাজ করছিল। ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ের মাঝেও সৃষ্টির আকাঙ্ক্ষা কখনো থেমে থাকেনি। কখনো যন্ত্র হাতে নেওয়া, কখনো কাগজে কলমে দু-একটি লাইন লেখা—এই প্রক্রিয়াই শেষ পর্যন্ত জন্ম দিয়েছে ‘প্রশ্ন’ গানটির।

গানটি একজন লেখকের দৃষ্টিকোণ থেকে জীবনের ভেতরের দ্বন্দ্ব, টানাপোড়েন ও আত্মসংঘাতের গল্প বলে। তবু সবকিছুর মাঝেও সে নিজের জন্য লিখে যেতে থাকে—এই বার্তাই উঠে এসেছে গানে।

‘প্রশ্ন’ গানটির গীতিকার ও ড্রামার জুনায়েদ আল ইমরান। সুর করেছে বর্ণহীন। গানটির রেকর্ডিং হয়েছে স্টুডিও মার্সে, মিক্স ও মাস্টারিং করেছেন সাইয়েদ আরিফ আল হক।

বর্তমানে বর্ণহীন ব্যান্ডের সদস্যরা হলেন— শামস নিল আনিক (ভোকাল), সাজিদ আলম চৌধুরী (গিটার), সাব্বির আহমেদ (গিটার), তুষার দীপ (বেস) এবং জুনায়েদ আল ইমরান (ড্রামস)।

নতুন গান ‘প্রশ্ন’ ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত