রোহিতের আউটে উল্লাস: দর্শকদের আচরণ ভালো লাগেনি কোহলির

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হয়েও মাঠের এক প্রচলিত দৃশ্যে স্বস্তি পান না বিরাট কোহলি। সতীর্থ কোনো ব্যাটসম্যান আউট হলেই গ্যালারিতে শুরু হয় উল্লাস, কারণ পরের ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। তার খেলা দেখার জন্যই দর্শকরা এমন উল্লাস করেন, যা আউট হয়ে যাওয়া ব্যাটারের জন্য বিব্রতকর।

গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন ঘটনা ঘটে। রোহিত শর্মা ২৬ রান করে আউট হওয়ার পর স্টেডিয়ামে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। তিন নম্বরে ব্যাট হাতে কোহলি সঙ্গে সঙ্গে মাঠে নামেননি; আগে রোহিতকে ডাগ-আউটে ফিরতে দেন। এরপরই দর্শকদের করতালি শুরু হয়। সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়ে যান কোহলি। খেলেন ৯১ বলে ৯৩ রানের ইনিংস।

প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হাতে নিয়ে দর্শকদের সেই উচ্ছাস নিয়ে কোহলি বলেন, ‘আমি বিষয়টা জানি এবং সত্যি বলতে এটা ভালো লাগে না। এমএস ধোনির সঙ্গেও একই ঘটনা দেখেছি। যে খেলোয়াড়টা আউট হয়ে ফিরে যাচ্ছে, তার জন্য এটা মোটেও ভালো অনুভূতি নয়। আমি দর্শকদের উত্তেজনা বুঝি, কিন্তু চেষ্টা করি এসব নিয়ে বেশি না ভেবে নিজের কাজে মন দিতে।’

সমালোচনা করলেও সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা, ‘আমি ভীষণ কৃতজ্ঞ। আপনি যা ভালোবাসেন সেটা করে যদি এত মানুষকে আনন্দ দিতে পারেন, এর চেয়ে বড় আশীর্বাদ আর কী হতে পারে? আমি আমার স্বপ্ন বাঁচছি, মানুষকে হাসতে দেখলে আমারও ভালো লাগে।’

এই বয়সে তিন নম্বরের মতো ট্রিকি পজিশনে ব্যাটিং করার পরিকল্পনা নিয়ে কোহলি বলেন, ‘আমি তিন নম্বরে ব্যাট করি। পরিস্থিতি কঠিন হলে আমি নিজেকে পাল্টা আক্রমণে বিশ্বাস করি। যে কোনো বলেই আউট হতে পারেন, তাই নিষ্ক্রিয় থাকার মানে নেই। নিজের শক্তির জায়গায় থাকতে হয়। সৎভাবে বললে, রেকর্ড নিয়ে একদমই ভাবি না। একটাই লক্ষ্য ছিল—দলকে এমন জায়গায় পৌঁছে দেওয়া, যেখান থেকে আমরা স্বচ্ছন্দে ম্যাচ জিততে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত