খুলনা বিভাগের সর্ববৃহৎ শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত এ মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে এলাকার প্রায় ৫০ গ্রামের মানুষ।
প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মেলায় মাছ ও মাংশ, মিষ্টির দোকানসহ ফার্ণিচার, বাঁশ, বেত ও মৃৎশিল্পিদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে।
মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা দেখতে আশপাশের কয়েক জেলার সকল শ্রেণি পেশার লাখো মানুষের আগমণ ঘটে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মেলা শেষ হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ এ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূল মেলার দিনের আগে ও পরে প্রায় ১৫ দিন ধরে চলে আনন্দ উৎসব। প্রতিটি বাড়িতে বাড়িতে দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজন আসতে থাকে। ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, পুতুল নাচ, যাদু ও কমিডিয়ান শিল্পিদের উপস্থিতি। তবে শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ সব শ্রেনি পেশার মানুষের একটাই উদ্দেশ্য গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা।
