সুনামগঞ্জে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ১৩,০৫০ টাকা ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শ্রমিকরা নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের পাশাপাশি দৈনিক ৮ ঘণ্টা শ্রমদিবস কার্যকর করার দাবি জানিয়েছেন।
মিছিলটি শহরের রায়পাড়াস্থ অস্থায়ী সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে একটি সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে ন্যূনতম মজুরি চূড়ান্ত গেজেট প্রকাশিত হলেও প্রায় ৯ মাস অতিক্রান্ত হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনও এটি বাস্তবায়ন করেনি। শ্রমিকরা এখনও নিয়োগপত্র বা পরিচয়পত্র পাচ্ছেন না এবং শ্রম আইন অমান্য করে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা হোটেল রেস্তুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, বর্তমান সভাপতি সুরঞ্জিত দাস, সাধারণ সম্পাদক টিটু দাস, সদস্য মতিউর রহমান, সৌরভ দাস, জিয়াউর রহমান ও ইজাজুল মিয়া।
মশাল মিছিল ও সমাবেশে সংহতি জানাতে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সিনিয়র ওস্তাদ মো. আশ্রাফ মিয়া, তাজুল ইসলাম ও মো. শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাআইদৌলা (প্রাঃ) এন্টারপ্রাইজ লিমিটেড-এর সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলী আকবর ও অন্যান্য সদস্য।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা হুশিয়ারি দেন যে, সরকারের ঘোষিত গেজেট অবিলম্বে বাস্তবায়ন এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
