আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
শুনানি শুরুর প্রথম ঘণ্টায় মোট ১২টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি আপিল মঞ্জুর করা হয়েছে, পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন প্রার্থী শুনানিতে উপস্থিত ছিলেন না।ৎ
শুনানির সময় বিভিন্ন আসনের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলের কারণও উঠে এসেছে। জয়পুরহাট-১ আসনের মো. জালাল উদ্দিন মণ্ডলের মনোনয়ন বাতিল হয়েছে দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকার কারণে। নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায়। পিরোজপুর-২ আসনের মাহমুদ হোসেনের ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকার কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে। সাতক্ষীরা-১ আসনের এস এম মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকার কারণে। এছাড়া জামালপুর-৫ আসনের হোছনেয়ার বেগমের মনোনয়ন বাতিল করা হয়েছে জমা দেওয়া ভোটার তালিকায় কোনো স্বাক্ষর না থাকার কারণে।
শুনানিতে কুমিল্লা-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও উপস্থিত ছিলেন না।
গত তিনদিনে এই আপিল শুনানিতে ১৫০ জন প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
জামায়াত আমিরও পেলেন গানম্যান
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ