পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ইসিতে বিএনপির প্রতিবাদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট গণনা নিয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড, যাতে একটি বাসার ভেতরে একাধিক ব্যক্তিকে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে দেখা যায়। খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে বলে প্রতীয়মান হয়।

ভিডিওতে একজন ব্যক্তিকে ভিডিও ধারণ করতে বাধা দিতে শোনা যায়। তিনি বলেন, ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজনকে বলতে শোনা যায়, এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়া একই ধরনের আরেকটি ২৭ সেকেন্ডের ভিডিওতেও বহু পোস্টাল ব্যালট গণনার দৃশ্য ধারণ করা হয়েছে। এই ভিডিওতে চট্টগ্রাম-৩ আসনের নাম উল্লেখ করা হয়েছে বলে শোনা যায়।

ফেসবুক ব্যবহারকারী জুনায়েন বিন সাদ দাবি করেন, ভিডিওটি ওমানে জামায়াতে ইসলামীর একজন নেতার বাসার দৃশ্য। তবে প্রথম ভিডিওটি বাহরাইনে জামায়াতের একজন নেতার বাসায় ধারণ করা হয়েছে বলেও অনেকে দাবি করছেন।

চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ভিডিওটি দেখেছেন এবং এটি সঠিক কি না তা যাচাই করা হচ্ছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত