রাজধানীতে অটোরিকশা ছিনতাই, চালককে হাত-পা বেঁধে কুপিয়ে জখম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর জখম হয়েছেন এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিরা। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আহত চালকের নাম ইলিয়াস হোসেন (৫০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামের মৃত ইশারাত আলী শেখের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ৬০ ফিট এলাকায় বসবাস করছেন।

ইলিয়াস হোসেন অভিযোগ করেছেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে দুই নারী যাত্রী নিয়ে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় আগে থেকে ওত পেতে থাকা আরও দুই পুরুষ ছিনতাইকারী নারী যাত্রীদের সঙ্গে যুক্ত হয়ে রিকশা থামিয়ে ইলিয়াসের কাঁধে লোহার রড দিয়ে আঘাত করে। এরপর তার চোখ ঢেকে কাপড় দিয়ে আটকিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। হামলাকারীরা ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

ইলিয়াস হোসেন শেরেবাংলা নগর থানায় একটি ছিনতাই ও হামলার অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর বলেন, ‌ঘটনার বিষয়ে আমি অবগত আছি। তদন্তের পর ছিনতাইকারীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত