নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে আগামী ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে। প্রশিক্ষণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
