সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতন্ত্রে অবিচল একজন রাষ্ট্রনায়ক—এমন মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রনায়ক। তিনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে সবসময় সম্মান করেছেন।’
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শোকসভায় সভাপতিত্ব করেন মাওলানা নুরুজ্জামান।
সৈয়দ মো. ফয়সল আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা ও এতিমখানার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আলেমসমাজকে তিনি সব সময় সম্মান করতেন এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন, তবুও দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি।’
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন বলেই সাধারণ মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে তার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে মাওলানা নুরুজ্জামান বলেন, আলেমসমাজের প্রতি বেগম খালেদা জিয়ার সম্মান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি ধর্মীয় মূল্যবোধকে কখনো অবহেলা করেননি এবং আলেমদের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছেন।
শোকসভায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
