সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সিরাজগঞ্জ প্রেস ক্লাব।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও দপ্তর সম্পাদক এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা গেছে, গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার নিজ বাসভবনের সামনে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু ইসলাম, জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, সহ-সভাপতি হীরক গুন, যুগ্ম সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর কবীর, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য মো. মাসুদ রানা, সাবেক সহ-সভাপতি এস. এম. তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলীসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
