শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্যসহ আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নূরুদ্দিন আহমেদ অপুর হাত ধরে মঙ্গলবার সামন্তসার ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগদান করেন তারা।
বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়া চার শতাধিক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম, সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদারসহ কয়েকজন নারী ও পুরুষ ইউপি সদস্য।
নবাগত নেতাকর্মীরা মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। বিএনপিতে যোগ দিয়ে আগামী বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরুদ্দিন আহমেদ অপু বলেন, যারা বিএনপিকে ভালোবেসে দলে এসেছেন তাদের পাশে আমরা সব সময় থাকবো। আমরা এখন একটি পরিবারে যুক্ত হয়েছি। সবাই মিলে উন্নত শরীয়তপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
