'ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি! আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও?'
বিকেলে মিরপুর স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উক্ত কথা বলেছিলেন বিসিবির পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম।
বিসিবি তার এই মন্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, এটি বোর্ডের নীতি, মূল্যবোধ বা অফিসিয়াল অবস্থানকে প্রতিফলিত করে না। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অনুমোদিত মুখপাত্র বা মিডিয়া ও যোগাযোগ বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলে তা বোর্ডের অবস্থান হিসেবে ধরা যাবে না।
বিসিবি আরও জানিয়েছে, যারা ক্রিকেটারদের প্রতি অসম্মান দেখাবে বা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করবে, তাদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড সমস্ত বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং খেলোয়াড়দের কল্যাণ, স্বার্থ ও মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। বোর্ড পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল।
'ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, ওইটা ফেরত চাচ্ছি নাকি', নাজমুল ইসলাম