ইউট্যাবের বিবৃতি

বৈষম্যহীন সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো করা কমিশনের দায়িত্ব

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

জাতীয় বেতন কমিশন-২০২৬ এর বর্তমান কার্যক্রমে অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, প্রজাতন্ত্রের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সম্মানজনক ও যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণের যে প্রত্যাশা নিয়ে এই কমিশন কাজ শুরু করেছিল, বর্তমান পরিস্থিতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জাতীয় বেতন কমিশন বর্তমানে যেভাবে এগোচ্ছে, তাতে আমরা কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছি না।

তারা বলেন, কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাজীবীদের স্বার্থ রক্ষার অভাব পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা দাবি জানাচ্ছি যে, কমিশন যেন অতি দ্রুত তাদের বর্তমান ত্রুটিপূর্ণ অবস্থান সংশোধন করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ বজায় রেখে একটি গ্রহণযোগ্য সুপারিশ বা সিদ্ধান্ত পেশ করে। কেননা, শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুন্ন করে কোনো বেতন কাঠামো গ্রহণযোগ্য হবে না।

নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কমিশনের বর্তমান কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমাদের হতাশ করেছে। এমন অবস্থার প্রেক্ষিতে জাতীয় বেতন কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. মো. মাকছুদুর রহমান সরকার কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তার এমন নৈতিক অবস্থানকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার পদত্যাগই প্রমাণ করে যে, কমিশনের ভেতরে স্বাভাবিক ও বস্তুনিষ্ঠ কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা ইতিপূর্বে কমিশনের মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ দাবিগুলো তুলে ধরেছিলাম। সে সময় তিনি আমাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দৃশ্যত তার কোনো কার্যকর বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাচ্ছি না। যদিও একটি বৈষম্যহীন এবং সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো উপহার দেওয়া কমিশনের দায়িত্ব। তা না হলে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে করণীয় নির্ধারণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত