ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্য নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় চলছে। গতকাল বন্ধ ছিল বিপিএলের ম্যাচ। ক্রিকেটাররা শর্তসাপেক্ষে আজ শুক্রবার মাঠে ফিরেছেন। ম্যাচও শুরু হয়েছে। অথচ নাজমুল ইসলাম লাপাত্তা! তাকে নাকি খুঁজে পাচ্ছে না বিসিবি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এর জবাব দিতে হবে। কিন্তু গতকাল রাতে সংবাদ সম্মেলনে আরেক বোর্ড পরিচালক ইফতেখার রহমান জানান, সারাদিন চেষ্টা করেও নাজমুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই প্রশ্ন উঠেছে- কারণ দর্শানোর নোটিশের এই ৪৮ ঘণ্টা যদি লাপাত্তা থাকেন নাজমুল, তাহলে কী হবে?
ইফতেখার বলেছেন, ‘যে পরিচালক ওসব মন্তব্য করেছিল, তাকে তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। তাকে প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ১৭ তারিখ দুপুরে শেষ হবে (সময়), তার জবাব পেতে। এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রক্রিয়াটি থাকবে।’
ইফতেখার আরও বলেছেন, ‘এর মধ্যে আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। লাপাত্তা থাকলে… (জবাব) না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটা ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই। আমরা নিয়ম অনুসরণ করব। উনি জবাব না দিলে, এটার ফল তো উনাকে ভোগ করতে হবে।’
সেই ফল মানে কি অপসারণ? জবাবে ইফতেখার ছোট্ট করে বলেন, ‘হ্যাঁ।’
মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে মন্তব্য করা দেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেছিলেন নাজমুল। পরে নিজের বক্তব্যের স্বপক্ষে তার একাধিক বক্তব্য আসে। তবে নাজমুলের বক্তব্যের তীব্র প্রতিবাদই জানিয়েছেন ইফতেখার, ‘আপনি যদি আমাকে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব না ধরেন, সাবেক ক্রিকেটার হিসেবে আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু বলব, উনি বিরাট ভুল করেছেন। কোনো মানুষেরই কাউকে ছোট করা অধিকার নেই।’
নাজমুলের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে ইফতেখার বলেন, ‘এমনিতেও উনাকে সরিয়ে দেওয়া হয়েছে (অর্থ কমিটি থেকে)… আজ পর্যন্ত আমি শুনিনি বিসিবিতে যে কোনো পরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে বা (কমিটি থেকে) সরিয়ে দেওয়া হয়েছে। বিসিবির দুটি রেকর্ড তো এর মধ্যেই হয়ে গেছে! আমরা সর্বাত্মক চেষ্টার করব উনাকে বোঝানোর যে, “এটাকে আপনি শেষ করেন। আমরাও মনে করি যে আপনি ভুল বিবৃতি দিয়েছেন।” তবে ব্যক্তিগতভাবে যার সিদ্ধান্ত, তারই সিদ্ধান্ত নিতে হবে।’
ক্রিকেটারদের উস্কে দিচ্ছেন তামিম? যা বললেন মিঠুন
ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে!