পাবনার ঈশ্বরদীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় রাফি ৭ (সাত) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি কালিকাপুর কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণীর ছাত্র এবং কালিকাপুর (আজমপুর) গ্রামের মো. হায়েত আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কুল ছুটির পর বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে স্কুল শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় শিশু শিক্ষার্থী রাফি। বাড়ির সামনেই ঈশ্বরদী-পাবনা মহাসড়ক পার হয়ে ওই শিক্ষিকার বাড়িতে যাওয়ার সময় পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি মাল বোঝাই দ্রুতগামী ট্রাক শিশু রাফিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই মারা যায় রাফি। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করে।
পাকশী হাইওয়ে পুলিশের ওসি মো. নান্নু খাঁন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ঘাটক ট্রাকটিকে আটক করতে সক্ষম হই। তবে চালক পালিয়ে যায়। পরিবারে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
