বাজার অর্থনীতির ভিত্তি হলো প্রতিযোগিতা, স্বচ্ছতা ও তথ্যের সমান প্রবাহ। অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত তত্ত্ব অনুযায়ী, ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়ায় বাজারে স্বাভাবিকভাবে ন্যায্য দাম নির্ধারিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে বাজার অনেক সময় অল্প কয়েকটি শক্তিশালী গোষ্ঠীর অদৃশ্য সমঝোতায় পরিচালিত হয়, যারা কার্যত পণ্যের দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করে। এই আইনবিরোধী ব্যবস্থাই সিন্ডিকেট, যা দীর্ঘদিন ধরে অর্থনীতিতে এক ধরনের নীরব স্বাভাবিকতায় পরিণত হয়েছে। ফলে এটি কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা ও সুশাসনের ঘাটতির স্পষ্ট প্রতিফলন। অর্থনীতির পরিভাষায় সিন্ডিকেট মূলত অলিগোপলিস্টিক মার্কেট স্ট্রাকচারের একটি বিকৃত রূপ। অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা থাকে সীমিত, যারা একে অপরের আচরণ পর্যবেক্ষণ করে দাম নির্ধারণে প্রভাব ফেলে। বাংলাদেশে ভোজ্যতেল, চিনি, ডাল ও চালের আমদানিতে দেখা যায়, মোট আমদানির প্রায় ৭০-৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে হাতে গোনা ৫-৬টি বৃহৎ করপোরেট গ্রুপ। যখন বাজার এমনভাবে গুটি কয়েক প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়ে, তখন সুস্থ প্রতিযোগিতা কার্যত বিলুপ্ত হয়। গেম থিওরির ভাষায় একে বলা হয়, কো-অপারেটিভ সিন্ডিকেট। যেখানে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে একটি অলিখিত চুক্তি করে ফেলে। এর ফলে বাজারে সুস্থ প্রতিযোগিতার পরিবর্তে প্রাইস ফিক্সিং বা কৃত্রিমভাবে দাম নির্ধারণের সংস্কৃতি তৈরি হয়, যার চূড়ান্ত মাশুল দিতে হয় সাধারণ ভোক্তাকে।
বাংলাদেশে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের বড় প্রমাণ হলো আলু, পেঁয়াজ ও তেলের অস্বাভাবিক দাম। যেমন, চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি হওয়া সত্ত্বেও খুচরা বাজারে দাম কয়েকগুণ বেশি থাকে। একইভাবে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের ক্ষেত্রে বিইআরসি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে, ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি সিলিন্ডারে ১০০-২০০ টাকা, ক্ষেত্র বিশেষে আরও বেশি অতিরিক্ত আদায় করছে। আমদানিতে সামান্য বিলম্ব বা বৈশি^ক দাম বাড়ার আভাস পেলেই, কৌশলগত মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের জিম্মি করা হচ্ছে, যা বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। সিন্ডিকেটের সবচেয়ে বড় হাতিয়ার হলো, বৈশি^ক সংকটের দোহাই দেওয়া। ২০২৩-২০২৪ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে যখন ভোজ্যতেল বা গমের দাম কমছিল, তখনো দেশের বাজারে সেই প্রভাব পড়তে মাসের পর মাস সময় লেগেছে। একে অর্থনীতির ভাষায় বলা হয় মূল্য সঞ্চালনের অসমতা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারে তা রকেটের গতিতে বেড়ে যায়। কিন্তু বিশ্ববাজারে দাম কমলে স্থানীয় বাজারে তা কমে পালকের মতো ধীরগতিতে। এই যে সময়ের ব্যবধান, এ সময়ে সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। আন্তর্জাতিক সংকটের সুযোগ নিয়ে অভ্যন্তরীণ কারসাজির মাধ্যমে মুনাফা লুট করা এই সিন্ডিকেটের নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। বিগত পাঁচ বছরের (২০২০-২০২৪) সামষ্টিক অর্থনৈতিক উপাত্তে দেখা যায়, বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি ৫.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ১০ শতাংশে পৌঁছেছে, তবে সবচেয়ে উদ্বেগজনক হলো খাদ্য ও জ¦ালানি মূল্যস্ফীতি। ২০২০ সালে খাদ্য মূল্যস্ফীতি, যা ছিল প্রায় ৫.২ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা ১২.৫১৩ শতাংশের ঘরে অবস্থান করছে। যা গত এক দশকের মধ্যে অন্যতম উচ্চ। এর ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়েছে, কিন্তু সেই অনুপাতে প্রকৃত মজুরি বাড়েনি। ঢাকায় একটি নিম্নবিত্ত পরিবারের মাসিক ব্যয়ের প্রায় ৭০-৮০ শতাংশই নিত্যপণ্য ও জ¦ালানি সংগ্রহে ব্যয় হচ্ছে।
অর্থনীতির এঙ্গেলস অনুযায়ী, আয়ের বড় অংশ খাদ্যে ব্যয় হলে জীবনমান নিম্নমুখী হয়। বাস্তবেও তাই ঘটছে, গত পাঁচ বছরে মধ্যবিত্তের সঞ্চয় প্রবণতা প্রায় ৩৫ শতাংশ কমেছে, যার পেছনে সিন্ডিকেট সৃষ্ট উচ্চমূল্যই প্রধান কারণ। বাংলাদেশের বাজার ব্যবস্থার সবচেয়ে বড় বৈপরীত্য হলো কৃষক ন্যায্য দাম পায় না, অথচ ভোক্তা কিনে চড়া দামে। উৎপাদন মৌসুমে কৃষক অনেক সময় উৎপাদন খরচও তুলতে পারে না। কিন্তু শহরের বাজারে একই পণ্য কয়েকগুণ দামে বিক্রি হয়। এই ব্যবধান সৃষ্টি করে মধ্যস্বত্বভোগী, ফড়িয়া, আড়তদার এবং ট্রাক সিন্ডিকেট। অনেক সময় মহাসড়কে অতিরিক্ত চাঁদা এবং লজিস্টিক অব্যবস্থাপনার কারণে পণ্যের মূল দামের চেয়ে পরিবহন খরচ বেশি হয়ে যায়। ভোক্তা যে দামে পণ্য ক্রয় করেন, তার অর্ধেকও কৃষক পান না। এই যে মাঝখানের বিশাল গ্যাপ এর সিংহভাগই সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের পকেটে যায়। ফলে উৎপাদনে কৃষকের আগ্রহ কমে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সরবরাহ সংকট তৈরি করে। বাজার সিন্ডিকেটের পাশাপাশি নিত্যপণ্যের উচ্চমূল্যের বড় কারণ হলো লাগামহীন পরিবহন ব্যয় ও পদ্ধতিগত চাঁদাবাজি। উত্তরবঙ্গ থেকে ঢাকা আসতে এক ট্রাক পণ্যের পথে ১০-১২টি পয়েন্টে অবৈধ চাঁদা দিতে হয়। পণ্যের দামের সঙ্গে এটি সরাসরি যোগ হয়। পোলট্রি খাতে এর স্পষ্ট প্রতিফলন দেখা যায়। খামারির কাছ থেকে ডিম ১০ টাকায় কিনে ভোক্তাকে ১৫ টাকায় বিক্রি করা হয়, যেখানে প্রতি ডিমে ৫ টাকার ব্যবধানের বড় অংশই যায় মধ্যস্বত্বভোগী ও অদৃশ্য সিন্ডিকেটের হাতে। মাছ, মাংস, পেঁয়াজ ও কাঁচা সবজিসহ প্রায় সব নিত্যপণ্যের ক্ষেত্রেই একই চিত্র বিদ্যমান। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি স্তরে কৃত্রিম ব্যয় চাপিয়ে দেওয়া হয়, যার সঙ্গে কৃষকের প্রকৃত লাভের কোনো সম্পর্ক নেই। অর্থনৈতিক বিচার-বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অনেক সময় কৌশলগত নীরবতা পালন করে। বড় ৫টি প্রতিষ্ঠান যদি একসঙ্গে এলসি খোলা কমিয়ে দেয়, তবে বাজারে সরবরাহে টান পড়ে। যেহেতু নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার অপরিহার্য, তাই দাম বাড়লেও মানুষ কেনা বন্ধ করতে পারে না।
নিত্যপণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হওয়ায় সিন্ডিকেট এই গাণিতিক সূত্রকে ব্যবহার করে সর্বোচ্চ মুনাফা লুটে নেয়। অনেক সময় দেখা যায়, সরকার শুল্ক কমালেও ভোক্তা তার সুফল পায় না। কারণ, ওই শুল্ক ছাড়ের সুবিধা ব্যবসায়ীদের মুনাফার মার্জিনে যোগ হয়ে যায়। আর এই সিন্ডিকেটের চাপে ভোক্তার ত্রাহি মধুসূদন অবস্থা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন থাকলেও, বাস্তবে তাদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খুচরা বিক্রেতাকে জরিমানা করা হলেও, মূল কারসাজিকারীদের অর্থাৎ বড় আমদানিকারক বা মিল মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা খুব কমই দেখা যায়। প্রতিযোগিতা কমিশনের কাছে বাজার কারসাজি প্রমাণ করার মতো আধুনিক তথ্যপ্রবাহ ও ফরেনসিক সক্ষমতা সীমিত। ফলে বড় সিন্ডিকেটগুলো আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। শক্তিশালী আইনি প্রয়োগ এবং বড় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সিন্ডিকেট প্রথাটি আরও প্রসারিত হয়েছে। একটি প্রতিযোগিতাহীন বাজার নতুন বিনিয়োগ ও তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। যখন বাজারে প্রবেশ করতে গেলে অদৃশ্য কোনো বড় গোষ্ঠীর সঙ্গে আপস করতে হয় অথবা অসম প্রতিযোগিতার মুখে পড়তে হয়, তখন মেধাবী ও স্বচ্ছ উদ্যোক্তারা পিছিয়ে পড়েন। এর ফলে বাজারে উদ্ভাবন কমে, উৎপাদনশীলতা স্থবির হয় এবং জাতীয় অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। সিন্ডিকেট মূলত বাজারে প্রবেশের অন্তরায় তৈরি করে, যা নতুনদের বাজারে আসতে বাধা দেয়। বাজার সিন্ডিকেট রুখতে সাময়িক অভিযানের চেয়ে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার জরুরি। প্রথমত, আমদানিকৃত পণ্যের এলসি থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত একটি ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করতে হবে, যেন পণ্য মজুদ বা কৃত্রিম সংকট দ্রুত শনাক্ত করা যায়। দ্বিতীয়ত, আমদানিতে গুটিকয়েক গ্রুপের একচেটিয়া আধিপত্য ভাঙতে ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য ব্যাংক ঋণ ও এলসি সুবিধা সহজ করে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।
প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী ও স্বায়ত্তশাসন প্রদান করতে হবে যেন তারা বড় করপোরেটগুলোর কারসাজির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারে। এ ছাড়া টিসিবির গুদামজাতকরণ সক্ষমতা বাড়িয়ে, পর্যাপ্ত ‘বাফার স্টক’ গড়ে তোলা দরকার। পাশাপাশি বিইআরসি নির্ধারিত দামে জ¦ালানি ও গ্যাস বিক্রি নিশ্চিত করতে কঠোর মনিটরিং সেল গঠন করা প্রয়োজন। সর্বোপরি, এলাকাভিত্তিক সমবায় বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটি সরাসরি কৃষক ও ভোক্তার মধ্যে সংযোগ ঘটিয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে পারে। সর্বোপরি বলা যায় বাজার সিন্ডিকেট কেবল মূল্যস্ফীতির একটি কারণ নয়। এটি জাতীয় উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক ন্যায়বিচারের পথে একটি বড় অন্তরায়। এই অদৃশ্য ক্ষত যদি অবহেলায় ফেলে রাখা হয়, তবে তা অদূর ভবিষ্যতে আরও গভীর সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি করবে। অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান রক্ষার জন্য সিন্ডিকেটমুক্ত একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা এখন আর বিলাসিতা নয়। এটি সময়ের অনিবার্য দাবি। রাজনৈতিক সদিচ্ছা এবং জিরো টলারেন্স নীতি ছাড়া, এই লড়াইয়ে জয়লাভ অসম্ভব।
লেখক: প্রভাষক, অর্থনীতি বিভাগ
জয়পুরা এসআরএমএস স্কুল অ্যান্ড কলেজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর