ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে চুড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী পেলেন ফুটবল।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন হল রুমে এই আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আনোয়ার সাদাত এ ঘোষণা করেন।
এতে বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া- (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. এয়াকুব আলী- (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা- (লাঙল), ইসলামী আন্দোলনের মো. কাউসার- (হাত পাখা) বরাদ্দ দেয়া হয়। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম- (আপেল), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা- (হারিকেন) বরাদ্দ দেন। বিদ্রোহী বিএনপির প্রার্থী সমীরণ দেওয়ান- (ফুটবল), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা-(রকেট), গণঅধিকার পরিষদ এর দ্বীনময় রোয়াজা- (ট্রাক), স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা- (ঘোড়া), স্বতন্ত্র জিরুনা ত্রিপুরা- (কলস),
খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়ন যাচাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বোচনের ভোটের মাঠে থাকছেন ১১ জন।
