চরাঞ্চলের মানুষকে নিয়ে নির্বাচনী সভা করেছেন পাবনা সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর দাখিল মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাক ঢোলের বাদ্য-বাজনা নিয়ে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী সভায় নেচে গেয়ে আনন্দ উল্লাসে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী সভায় শিমুল বিশ্বাস অবহেলিত চরবাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
শিমুল বিশ্বাস বলেন, চরাঞ্চলে আর মারামারি হানাহানি চলবে না। চর দেশের শেকড়, শেকড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই শান্তি সারা দেশে ছড়িয়ে দিতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে নিরাপদ সুখী দেশ গড়তে হবে।
তিনি বলেন, স্থানীয় কয়েকজন অন্য দল থেকে বিএনপিতে যোগদান করলেন। এতে প্রতীয়মান হয় ধানের শীষের বিজয়কে সন্নিকটে। ভিন্ন ভিন্ন দলমত থাকতে পারে। কিন্তু সবার বড় পরিচয় মানুষ। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। সবাইকে ভালো রাখতে চাই। এক্ষেত্রে ধানের শীষের বিজয় প্রয়োজন। তাই ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
সভায় পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু, সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবাদত আলী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা, পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিকুল হাবিব তৌফিক, হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্তাজ আলীসহ স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
