দালালি নয়, রাজনীতি হবে জনগণের পক্ষে: কবির জিন্নাহ 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএ জিন্নাহ কবির বলেছেন, সময় বদলালেও কিছু মানুষের চরিত্র বদলায় না। তবে সময় বদলেছে, মানুষ এখন অনেক বেশি সচেতন। ব্যক্তিস্বার্থে যারা অবস্থান বদলায়, তাদের জায়গা জনগণের হৃদয়ে নেই। দালালি নয়, রাজনীতি হবে জনগণের পক্ষে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আরিচাঘাট এলাকায় তার নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসএ জিন্নাহ কবির বলেন, ধানের শীষের বিজয়ের জন্য ১৫ বছর নয়, মাত্র ২০ দিন কষ্ট করলেই জয় নিশ্চিত করা সম্ভব। আজ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত না খেয়ে, না ঘুমিয়ে প্রয়োজনে সারারাত জেগে শিবালয়ের প্রতিটি গ্রামে ঐক্যবদ্ধভাবে ঘুরে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এই ২০ দিনের ত্যাগই জনগণকে আবারও বিজয় উপহার দেবে।

তিনি আরও বলেন, যারা বিপ্লবী তারেক রহমানের আদর্শের বিরুদ্ধে গিয়ে ধানের শীষের বিপক্ষে কথা বলবে, অপপ্রচার চালাবে, নির্বাচনী আইন ভঙ্গ করবে, ৩১ দফা বাস্তবায়নের বিরোধিতা করবে কিংবা বিএনপির নাম ভাঙিয়ে ব্যক্তিগত ফায়দা লুটার চেষ্টা করবে— তাদের বিরুদ্ধে এই মুহূর্ত থেকেই রুখে দাঁড়াতে হবে।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থক ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর দলীয় কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। মিছিলটি আরিচাঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, মানিকগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এসএ জিন্নাহ কবিরকে বিপুল ভোটে বিজয়ী করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত