মিয়ানমারে পারিবারিক অনুষ্ঠানে জান্তার বিমান হামলায় নিহত ২৭

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

মিয়ানমারে একটি পারিবারিক অনুষ্ঠানে জান্তার বিমান হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একাধিক বিমান হামলার এ খবর নিশ্চিত করেন স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকরা। 

বৃহস্পতিবার সন্ধ্যায়, জাম্বা বিমান বাহিনী ভামো উপজেলার কাউং জার গ্রামে একটি  দোয়া মাহফিলে বোমা নিক্ষেপ করে। কাচিন স্বাধীনতা বাহিনী (কেআইএ) জানিয়েছে, হামলায় অন্তত ২২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এই গ্রামটি যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারদের আশ্রয়স্থল হলেও হামলার সময় সেখানে কোনো কেআইএ সদস্য ছিল না।
 
একই দিনে, মাগও অঞ্চলের তাত কোনে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালানো হয়, এতে অন্তত পাঁচ জন নিহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। স্থানীয় পর্যবেক্ষকরা এই তথ্য নিশ্চিত করেছেন। 

কেআইএ অভিযোগ করেছে, সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুকে হামলার লক্ষ্য করেছে। তারা বলেছে, গ্রামে কোনো সশস্ত্র প্রতিরোধকারী উপস্থিত না থাকার পরও এই হামলা চালানো হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এমন বিমান হামলার ধরন ব্যাপকভাবে বেসামরিক মানুষের মৃত্যু ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের জাতীয় একতা সরকার জানিয়েছে, কেবল ২০২৫ সালে সেনাবাহিনীর বিমান হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং অসংখ্য বাড়ি, বিদ্যালয়, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত