যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় কয়েকটি শীর্ষ আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে মার্কিন রণতরির বহর অগ্রসর হওয়ার কথা ঘোষণা করার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
কেএলএম, লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বড় সংস্থাগুলো এই অঞ্চলে তাদের পরিষেবা স্থগিত রাখায় ইসরাইল, দুবাই ও রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যের বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এয়ার ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২৩ ও ২৪ জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না।
অন্যদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস দুবাই, রিয়াদ, দাম্মাম এবং তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটি বলেছে, ইরান, ইরাক, ইসরাইলসহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান।
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে-এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডা ইসরাইলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে একটি শক্তিশালী মার্কিন রণতরির বহর ইরানের দিকে যাত্রা করেছে। এর আগে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও প্রেসিডেন্টের এই বার্তা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের মতে, তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করলেও ওয়াশিংটনের সামরিক পরিকল্পনায় এর কোনো প্রভাব পড়েনি।
