কেরাণীগঞ্জে গুলিতে নিহত বিএনপি নেতার ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

ঢাকার কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার মরদেহের ময়নাতদন্ত আজ রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেছেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. দিপীকা রায়।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন কেরাণীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হান্নান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসান মোল্লাকে পেটের ডান পাশ থেকে গুলি লেগে তা পিছনের দিকে বের হয়েছে। তার শরীরের অন্যান্য অংশে কোনো আঘাত ধরা পড়েনি।

নিহতের ছোট ভাই রাকিব হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরাণীগঞ্জ ঢালিকান্দি এলাকার তাদের নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাসান মোল্লা। তিনি তখন একটি মাহফিল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সঙ্গী ছিলেন আরেকজন। গুলিবিদ্ধ করার ঘটনা ঘটে মোটরসাইকেলযোগে এসে টার্গেট ঠিক করে।

রাকিব হোসেন বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল বলে আমরা জানতাম না। এলাকায় তার রাজনৈতিক কোনো বিরোধীও ছিল না। যারা বর্তমান রাজনীতিতে যুক্ত ছিল তারা সবাই একই প্যানেলের মতো। আর আওয়ামী লীগের যারা ছিলেন তারা এখন এলাকায় নেই, পলাতক। আমাদের কোনো ধারণা নেই, কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে এটি ছিনতাইয়ের ঘটনাও নয়।

মরদেহ দাফনের পর মামলার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হাসান মোল্লার ছোট ভাই রাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত