ল্যামিনে ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলের স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও আবার নিজেদের করে নিয়েছে কাতালান ক্লাবটি।
হান্সি ফ্লিকের শিষ্যরা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠেছে। দানি ওলমো ও দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়ার গোল থাকলেও ম্যাচের মূল আকর্ষণ ছিল ১৮ বছর বয়সী ইয়ামালের অসাধারণ ভলি।
দ্বিতীয়ার্ধে ওলমোর বাড়ানো ক্রস বক্সের কিনারায় পেয়ে এক ঝাঁপে ডান পায়ে শট নেন ইয়ামাল। বল ছুটে যায় ওভিয়েদোর গোলরক্ষক আরন এসকান্দেলের নাগালের বাইরে দিয়ে দূরের পোস্টে—গ্যালারি মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে।
প্রথমার্ধে অবশ্য সহজ ছিল না বার্সেলোনার জন্য। দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ওভিয়েদো ৪৫ মিনিট ধরে স্বাগতিকদের বেশ চাপে রাখে। ইলিয়াস চেয়ারার একটি শট অল্পের জন্য বাইরে যায়, আর হাইসেম হাসানের শটে প্রথম বড় সেভ দিতে হয় বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে।
বিরতির পর চিত্র বদলে যায়। শুরুতেই আক্রমণের গতি বাড়ায় বার্সেলোনা। ইয়ামালের চাপে ওভিয়েদোর কোয়াসি সিবো বল ক্লিয়ার করতে গিয়ে তা তুলে দেন দানি ওলমোর পায়ে। সুযোগ কাজে লাগিয়ে ১৬ গজ দূর থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন ওলমো।
এরপর রবার্ট লেভানডোস্কির হেড ঠেকান এসকান্দেল, তবে কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ডেভিড কস্তাসের দুর্বল ব্যাকপাস পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে দৃষ্টিনন্দন চিপে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার।
শেষ পর্যন্ত ইয়ামালের অসাধারণ গোল ম্যাচ পুরোপুরি বার্সেলোনার নিয়ন্ত্রণে এনে দেয়। বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি লিগের শীর্ষস্থানও নিশ্চিত করে তারা।
