মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন রওনক (২০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঋষিপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রওনক সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আমিনুর মেম্বারের ছেলে। তিনি একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রওনক বাড়ি থেকে সিংগাইর বাজার এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় রওনককে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই রওনকের মরদেহ পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে নিয়ে যান।
সিংগাইর থানার ডিউটি অফিসার এসআই সাহিদা আক্তার জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার গুরুতর আহত হন। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ চালককে আটক করা হয়।
থানার ইমার্জেন্সি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, আহত হেলপারের নাম সুমন এবং আটক চালকের নাম শফিক।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
