ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাহর ১৭ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ৪৯৭ টাকা মূল্যের ঢাকার মিরপুর, পল্লবী ও সাভরের মার্কেট, ফ্ল্যাট, জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১টি গাড়ি, প্রাইজ বন্ড ও ৭ কোটি এক লাখ ১৯ হাজার ৩৬০ টাকা থাকা ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোজাম্মিল হোসেন তার জমি, সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মো. ইলিয়াস উদ্দীন মোল্লাহ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নামের হিসাবে ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামি মো. ইলিয়াস উদ্দীন মোল্লাহর সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে তার নিজ নামের ও স্বার্থ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সে জন্য স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত