ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘চরম অপমান’ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে—মোস্তাফিজ; তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে—এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না; আমরা দুঃখিত, আমরা লজ্জিত।’
আইসিসির প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘এখনো সময় আছে, আমরা অনুরোধ করি—আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।’
বিশ্ব ক্রীড়াঙ্গনের নজির টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে; কোনো একটা দল ইন-সিকিউর অথবা আন-সেফ ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলব না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলব—সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না?’
ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। এর পরপরই নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিদ্ধান্ত ঘিরে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের অবস্থানেই অটল থাকবে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
চ্যাম্পিয়নস লিগে গুরু শিষ্যের অসম লড়াই