মাদক সেবনের দায়ে মুন্সীগঞ্জে ৩ জনের কারাদণ্ড

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাদক সেবনের অপরাধে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।

অভিযানে মাদক সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার রফিক শেখের ছেলে রিয়াদ শেখ, বাচ্চু শেখের ছেলে জুবায়ের শেখ এবং রুহুল আমিনের ছেলে মো. ওসমান।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী জানান, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করা হয়।

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত