পদ নিয়ে বসে থাকলে হবে না, কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সংগঠিতভাবে কাজ করতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের খলিল তালুকদারের বাড়িতে আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন আমাকে বিচার দেয়, সে জন্য নেতাকর্মীদের বারবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।’
তিনি বলেন, ‘তারেক রহমান কোনো একক গোষ্ঠীর নেতা নন, তিনি ২০ কোটি মানুষের নেতা। দেশের মানুষের দুঃখ-কষ্টের কথা চিন্তা করেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। পিতা, মাতা ও ভাইকে হারিয়েও তিনি ভেঙে পড়েননি। তারেক রহমানকে শক্তিশালী করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।’
সাটুরিয়া উপজেলা কৃষক দলের আয়োজিত ওই সভায় তিনি আরও বলেন, ‘আজ আমরা সংগঠনের কথা বলব, এখানে সরাসরি ভোট চাইব না। তবে একটি কথা পরিষ্কার করে বলতে চাই— কোনো নেতা যদি মানুষের ক্ষতি করে এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সভাপতি হওয়ার জন্য লাফালাফি করা যাবে না। পদ একটি আমানত, ধানের শীষও একটি আমানত। দায়িত্বে অবহেলা করলে কাউকে রাখা হবে না।’
সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ জেলা ও উপজেলা বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে আফরোজা খানম রিতা উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন।
