চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাক্সেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে গত সোমবার (২৬ জানুয়ারি, ২০২৬) এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৬.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যার ফলে ১,৩৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৪ মিলিয়ন কেজি ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিবসহ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ উৎপাদন করবে।
বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান শিল্প স্থাপনে সহজীকরণ, দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেপজার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
