জামায়াত আমিরের গাড়িসহ আটক ৩ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

মেহেরপুর জেলা জামায়াতের আমিরের গাড়ি সহ আটক ৩ কর্মীকে অবশেষে ছেড়ে দেয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- কেন্দ্রীয় আমীরের মেহেরপুর সমাবেশ থাকার কারণে তারা তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ জানাতে পারেননি। রাতে জামায়াত নেতারা আটক বিষয়ে পুলিশকে তথ্য প্রমানাদি দেখিয়ে গাড়ি, দেশীয় কিছু অস্ত্র ও তিন কর্মীকে মেহেরপুর সদর থানা থেকে ছাড়িয়ে এনেছে। পুলিশ আত্নরক্ষায় ব্যবহারিক কিছু যন্ত্রপাতিকে অস্ত্র হিসেবে আটক করেছিলো। এটা পুলিশের ভুল ছিলো।  

ঘটনাটি হলো সোমবার মেহেরপুর জেলা জামায়াতের আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত নিজের নোহা মাইক্রো থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিন কর্মীকে আটক করে যৌথ বাহিনী। এবং তার গাড়িটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমির মাও. তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রো ড্রাইভার ইজারুল হক।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা ওই সময় সাংবাদিকদের জানিয়েছিলেন- সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়। এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড.শফিকুর রহমানের মেহেরপুর আগমন উপলক্ষে শহরের হাইস্কুল মাঠের উদ্দেশ্যে জামায়াত নেতাকর্মীরা সমবেত হচ্ছিল। এ সময় সাদা রং এর নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভিতর ৩টা ফোল্ড ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেট্রিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয়।

পরে সন্ধ্যায় দলের সংবাদ সম্মেলনে জানানো হয়- আটক গাড়ি, কর্মী সহ সবকিছু পুলিশ ছেড়ে দিয়েছে। তারা এটা নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদকে অতিরঞ্জিত ও দলের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা দাবী করে সাংবাদিকদের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তবে পুলিশ এই ঘটনায় কোন দুঃখপ্রকাশ বা আটকের পর ছেড়ে দেওয়ার কারণ সম্পর্কে কিছু বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত