‘খুব খারাপ ককটেল’ থেকে বেরোতে হবে লিভারপুলকে, আর্নে স্লটের তাগিদ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

লিভারপুলের কোচ আর্নে স্লট মনে করছেন, রক্ষণভাগের ভুল আর সুযোগ নষ্টের ‘খুব খারাপ ককটেল’ থেকে বেরোতে পারলেই কঠিন এক মৌসুমের শেষটা ভালোভাবে করতে পারবে তার দল।

বুধবার ঘরের মাঠে আজারবাইজানের ক্লাব কারাবাগকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করবে লিভারপুল। এর আগে ইউরোপে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলান ও মার্সেইয়ের বিপক্ষে একের পর এক দারুণ জয় পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

তবে প্রিমিয়ার লিগে ছবিটা ভিন্ন। টানা পাঁচ ম্যাচ জিততে না পারায় টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে লিভারপুল। এতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

গত মৌসুমে ১৯৯০ সালের পর মাত্র দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জিতলেও স্লটের নিজের অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাবেক লিভারপুল মিডফিল্ডার জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর সম্ভাব্য বিকল্প হিসেবে থাকায় চাপ আরও বেড়েছে।

শনিবার বোর্নমাউথের কাছে ৩–২ ব্যবধানে হার লিভারপুলের জন্য ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ পর প্রথম পরাজয়। যদিও ওই সময়ে বেশ কয়েকটি হতাশাজনক ড্রও ছিল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্লট বলেন, অনেক ম্যাচেই প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেও লিভারপুল তার যথাযথ ফল পায়নি, “এটাই আমাদের জন্য খুব খারাপ এক ককটেল,” বলেন তিনি। “দুই প্রান্তেই (আক্রমণ ও রক্ষণ) উন্নতি করতে পারলে এই মৌসুমে আমরা বিশেষ কিছু করতে পারব। এক প্রান্তে উন্নতি হলে মৌসুমটা মোটামুটি গ্রহণযোগ্য হবে, এর বেশি নয়। আর দুই প্রান্তেই উন্নতি না হলে পুরো মৌসুমজুড়েই আলোচনা-সমালোচনার ঝড় থাকবে।”

অ্যানফিল্ডে দ্বিতীয় মৌসুমে থাকা স্লট ইনজুরির ধাক্কায় বেশ ভুগছেন। ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক পা ভেঙে যাওয়ায় মৌসুমের বড় অংশেই মাঠের বাইরে থাকবেন। কারাবাগের বিপক্ষে ম্যাচে লিভারপুলকে খেলতে হবে অস্থায়ী সেন্টার-ব্যাক নিয়ে।

জো গোমেজ ও জিওভানি লেওনি ইনজুরিতে ছিটকে গেছেন। ইব্রাহিমা কোনাতে পারিবারিক কারণে (বাবার মৃত্যু) অনুপস্থিত। ফলে মিডফিল্ডার ওয়াতারু এন্দোর ভ্যান ডাইকের সঙ্গে সেন্টার-ব্যাকে খেলানোর সম্ভাবনাই বেশি। ৩৪ বছর বয়সী ভ্যান ডাইকই এই মুহূর্তে স্লটের হাতে থাকা একমাত্র স্বীকৃত সেন্টার-ব্যাক।

“ভার্জিল ছাড়া আর কোনো সেন্টার-ব্যাক নেই,” বলেন স্লট। “এই বয়সেও সে সবসময় ফিট থাকে এবং টানা ৯০ মিনিট খেলতে প্রস্তুত—এটা আমরা স্বাভাবিক ধরে নিতে পারি না।”

এদিকে অভিজ্ঞ ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনকে টটেনহ্যামে পাঠানোর সম্ভাব্য ট্রান্সফার থেকেও সরে এসেছে লিভারপুল। “ওকে দলে পাওয়া ভালো,” বলেন স্লট। “এই ফুটবল দুনিয়ায় নিশ্চিত করে কিছু বলা কঠিন, তবে আমার ধারণা সে এখানেই থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত