গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক শ্রমিক। আজ বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অনিয়মিত শ্রমিকরা মহাপরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, অনেক শ্রমিক ২০-২৫ ধরে অনিয়মিত শ্রমিক হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করে আসছেন তারা প্রতিদিন ৫৫০ টাকা হারে হাজিরা পেয়ে থাকেন। এ ছাড়া এসব অনিয়মিত শ্রমিকদের মধ্যে যারা অফিসে কাজ করেন তারা প্রতিমাসে মাত্র ২২ দিন কাজ করতে পারেন। অনিয়মিত শ্রমিকদের সাপ্তাহিক কোনো ছুটি নেই। এতে তারা যে পরিমাণ টাকা বেতন পান সে টাকা দিয়ে তাদের সংসার চালানো যায় না। কর্তৃপক্ষ তাদের বেতনও বাড়াচ্ছে না। তাদের কোনও উৎসবে ভাতা প্রদান করা হয়নি। তারা দীর্ঘ ২০-২৫ ধরে নানাভাবে চেষ্টা করেও নিয়মিত হতে পারছেন না।
বারি কৃষি শ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, একজন অনিয়মিত শ্রমিক তিন বছরে ৭২০ দিন কাজ করলে তাকে নিয়মিত শ্রমিক হিসেবে গণ্য করা বিধান রয়েছে। কিন্তু বারি কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়মিত করছেন না।
কৃষি শ্রমিক হারুনুর রশিদ জানান, ২০১১ সালে বারিতে শ্রমিক হিসেবে যোগ দিয়েছি। তখন বলা হয়েছিল তিন বছরের মধ্যে চাকরি নিয়মিত করা হবে। কিন্তু ১৪ বছর পার হলেও চাকরি নিয়মিত হয়নি। বছরে পর বছর মহাপরিচালক আসে আবার যায় কিন্তু তাদের দাবি মানা হয় না।
শ্রমিকরা জানান, ২০২৪ সালে ৫ আগস্টের পর বারিতে নতুন পরিচালক আসার পর অনিয়মিত শ্রমিকদের চাকরি নিয়মিত করা হবে বলে আশ্বাস দিয়ে ছিলেন। পরে এ বিষয়ে তার কাছে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি কেবল আশ্বাস দিয়েই যাচ্ছেন কিন্তু তাদের চাকরি নিয়মিত করা হচ্ছে না।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর শ্রমিকদের দাবির বিষয়টি সুরাহা করা হবে।
বিকালে শ্রমিকদের সঙ্গে সঙ্গে বারি কর্তৃপক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করা হলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন।
হিমাচলের গ্রামে আশ্চর্য এক ‘তুষারের নদী’
শেরপুরে বিএনপি-জামায়াতের চেয়ার যুদ্ধ!