এশিয়ান কাপের প্রাথমিক দলে সুইডেন প্রবাসী আনিকা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় এক সপ্তাহের সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার সকালে ফিটনেস কোচ লর্ড ম্যাকরনের তত্ত্বাবধানে অনুশীলন করেছে খেলোয়াড়রা। দিন শেষে সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড।

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। বুধবার বাংলাদেশ দলের অনুশীলন সেশনেও উপস্থিত ছিলেন তিনি। সুইডেনে জন্ম ও বেড়ে ওঠা ২২ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি ইউরোপের শীর্ষ মানের লিগে খেলা ক্লাব আইএফ ব্রোম্মাপয়কার্নার হয়ে সুইডিশ কাপে সিনিয়র দলে অভিষেক করেন।

বর্তমানে বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার নেপালে অবস্থান করছেন। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের দল নিয়ে সেখানে রয়েছেন ব্রিটিশ এই কোচ। আগামী ৭ ফেব্রুয়ারি বয়সভিত্তিক সাফের ফাইনাল শেষে দেশে ফিরে তিনি নারী এশিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন।

এদিকে আগের মতোই এবারের প্রাথমিক স্কোয়াডেও জায়গা হয়নি সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকারের। এমনকি ফিটনেস ট্রেনিং ক্যাম্পেও তাদের ডাকা হয়নি।

২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড

শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলে আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, মোসাম্মৎ রুমা আক্তার, মোসাম্মৎ হলিমা আক্তার, মোসাম্মৎ সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, মোসাম্মৎ ফেরদোসী আক্তার সোনালী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, মোসাম্মৎ সুরমা জান্নাত, মোসাম্মৎ সাগরিকা, উমেহ্লা মারমা, রূপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুতি, আনিকা রানিয়া সিদ্দিকি, উন্নতি খাতুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত