আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল বলেছেন, বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিলো ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছে।
তিনি বুধবার পয়াগ-নরসিংসার ময়দানে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের নাটাই উত্তর, নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ওলামা মাশায়েখগণের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
সদর উপজেলা ওলামাদলের আহবায়ক মুফতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল আরো বলেন, ২০০১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে বিএনপি জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করেন। বিএনপি এবং দেশের শীর্ষ আলেমদের রাজনৈতিক দলগুলোর সাথে জোট কওে নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করেছে। বর্তমানেও আলেমদের সাথে জোট করে নির্বাচন করছি। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপি আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে।
মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহ ইয়া মাছউদ, ভাদুঘর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা কামাল উদ্দিন কাসেমী, খাচাইল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল হাকিম, পয়াগ মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা পরিষদের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী মোজাম্মেল হক, সদর উপজেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক, মাওলানা নাঈমুল হক সাদেকী প্রমুখ।
