ভালুকায় ধানের শীষ প্রার্থীসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী(ধানেরশীষ) ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে ১৯১ জনের নাম উল্লেখ এবং ১৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বুধবার (২৮ জানিয়ারি) রাতে আতিকুল ইসলাম ও আমান উল্যাহ নামে দুইজন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এর আগে, একই ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষে স্বতন্ত্র প্রার্থীর নাম উল্লেখসহ ১১ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাটাজোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করলে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর কর্মী-সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে অতর্কিত হামলা চালায়। এতে ছয়-সাতজন কর্মী আহত হয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর সন্ধ্যার দিকে সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে তিনজন কর্মীকে আহত করা হয় এবং সাত-আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ ২১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো নয় শ’ জনের নামে দুটি মামলা হয়েছে। সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ ও রফিক উদ্দিন রফিক ভালুকা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন।

নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের মাঝে হামলা-পাল্টা হামলার অভিযোগ ওঠে। গত রবিবার (২৫ জানুয়ারি) পৌর সদর, কানার মার্কেট, বাটাজোর বাজার ও হবিরবাড়ি এলাকায় কয়েক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই ভালুকা মডেল থানায় চারটি মামলা দায়ের করে।

ভালুকা মডেল থানার অফিসর ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় দুইপক্ষের পাল্টাপাল্টি চারটি মামলা রুজু করা হয়েছে। বিএনপির দলীয় প্রার্থীর পক্ষের দায়েরকৃত মামলার নাজিম মেম্বার নামে একজন আসামিকে নিজেরাই আটক করে থানায় সোপার্দ করে। আসামি বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত