সরকার এখনো লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার ঢেবার পাড় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার ও রাজনৈতিক সহিংসতা বাড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ এখনো সমান সুযোগের নয়। নির্বাচনী সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারী হলো মায়ের জাতি। এই মা জাতির গায়ে যারা হাত তোলে তাদের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। মায়ের জাতির উপরে আর হাত তুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার মাধ্যমে কাউকে রাজনৈতিকভাবে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য এই মাঠে আগামী ২ ফেব্রুয়ারি জামায়াতের আমির ড. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
