একক শক্তিতে বৈশ্বিক সমস্যার সমাধান হবেনা: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, ভবিষ্যতের বৈশ্বিক সমস্যা একক শক্তিশালী দেশের একতরফা নীতিতে সমাধান করা সম্ভব নয়। তাঁর এই মন্তব্যে সাম্প্রতিক সময়ে কিছু শক্তিশালী দেশের বিশেষ করে যুক্তরাষ্ট্রের, একপক্ষীয় পদক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট ইঙ্গিত রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতিসংঘের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে গুতেরেস বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ক্রমেই দুর্বল হচ্ছে এবং বহু পক্ষীয় সংস্থা-প্রতিষ্ঠানগুলো চাপে রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং সংঘাতের মতো সমস্যাগুলি সমাধান করতে হলে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি, একক দেশ বা দুটি দেশের মধ্য দিয়ে বিশ্বকে প্রতিদ্বন্দ্বী অঞ্চলে ভাগ করে সমাধান সম্ভব নয়। তার এই ইঙ্গিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতি সমালোচনা পরিষ্কার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন 'বোর্ড অব পিস' উদ্যোগের পরিপ্রেক্ষিতে গুতেরেসের এই মন্তব্য আসে। অনেক সমালোচক এই উদ্যোগকে জাতিসংঘের ভূমিকাকে দূরে সরানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন।
জাতিসংঘের মহাসচিব আরও উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক আইন ঝুঁকিতে রয়েছে এবং বিশ্বজুড়ে সহযোগিতার মান কমছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, এই চ্যালেঞ্জের মধ্যেও জাতিসংঘ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত