স্যাম কারেনের হ্যাটট্রিকের পর বৃষ্টি আইনে বিধ্বস্ত শ্রীলঙ্কা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ইংল্যান্ড। স্যাম কারেনের হ্যাটট্রিকে ১৬.২ ওভারে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কায়। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ড ১১ রানের জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমে যেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের জানান দিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল শুক্রবার পাল্লেকেলে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা মন্দ ছিল না। উইকেট হারালেও মাত্র ৭ ওভারে তারা ৭৬ রান তুলে ফেলে। তবে লেগ স্পিনার আদিল রশিদের তিনটি উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার ইনিংসের গতি থেমে যায় এবং তিনি জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। তবে লঙ্কানদের এদিন গুঁড়িয়ে দিয়েছেন স্যাম কারান। তিনি ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।

কারেনের প্রথম শিকার ছিলেন দাসুন শানাকা, যাকে তিনি মিড অফে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর মাহিশ থিকশানা ক্যাচ তুলে দেন লং অনে এবং শেষ বলে বোল্ড হয়ে যান মাতিশা পাথিরানা। শেষ দিকে শ্রীলঙ্কা দ্রুত উইকেট হারিয়ে মাত্র পাঁচ বলের মধ্যে ১২৯/৬ থেকে ১৩৩ রানে অলআউট হয়ে যায়।

ইংল্যান্ডও রান তাড়ায় দারুণ জবাব দিচ্ছিল। ওপেনার ফিল সল্ট খেলেন ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। এছাড়া টম ব্যান্টন ১৫ বলে করেন ২৯ রান। ১৫ ওভারে ইংলিশদের রান যখন ৪ উইকেটে ১২৫, তখন নেমে আসে বৃষ্টি। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডিএলএস হিসাব অনুযায়ী এগিয়ে থাকায় ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে বৃষ্টির কারণে ম্যাচটি ১৭ ওভারে নামিয়ে আনা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত