শিবির সভাপতি সাদ্দাম

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তার দাবি, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের যেসব প্রস্তুতি নেওয়ার কথা ছিল, বাস্তবে তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাদ্দাম হোসেন। এ সময় তিনি কুমিল্লায় সাম্প্রতিক সহিংসতায় আহত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের খোঁজখবর নেন।

সাদ্দাম হোসেন বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে জুলাই পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে—এমন যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

চৌদ্দগ্রামে সংঘটিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন শিবির সভাপতি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে কুমিল্লায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলায় অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত