জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে ৫ বছরের মধ্যে আর কোনো গরিব থাকবে না। চাঁদাবাজি থাকবে না। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এক সমাবেশ এসব কথা বলেন ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে ৫ বছরের মধ্যে আর কোনো গরিব থাকবে না। চাঁদাবাজি থাকবে না। নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামি আদর্শভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইসলামি সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে। তাই সমাজ সংস্কার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেউ যদি ভোটকেন্দ্র দখল করতে আসে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, ভোলার সুন্দর শান্তিপূর্ণ অবস্থা একটা চক্র অশান্ত করার চেষ্টা করছে। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, যদি প্রশাসন তাদের বিরুদ্ধে সঠিক ও কঠিন ব্যবস্থা না নেয় তাহলে জামায়াতে ইসলামীই তাদেরকে প্রতিহত করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মিডিয়া বিভাগের প্রধান মো. আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মাওলানা মো. আতাউর রহমান।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।
