৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩২৬৩ চিকিৎসকের যোগদান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক রবিবার (১ ফেব্রুয়ারি) যোগদান করেছে। তাদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগদান করে।

যোগদান উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। অন্তবর্তী সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিশেষ সহকারী বলেন, পদায়নের ক্ষেত্রে নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার বিষয়টা খেয়াল রাখা হবে। দম্পতিদের একই জায়গায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে তার পছন্দও বিশেষ বিবেচনা করা হবে। সামগ্রিকভাবে পদায়ন মেধাভিত্তিক হবে, মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

ডা. সায়েদুর রহমান বলেন, যেহেতু তরুণ এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসকের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল এবং তারা ন্যায্যতার ভিত্তিতে পদায়িত হবে, যেহেতু তাদের সংযুক্তির ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত