স্টপেজ টাইমের ১০ম মিনিটে কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি গোলে নাটকীয় জয় পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় রোববার রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২–১ ব্যবধানে জেতে রিয়াল।
এই জয়ে ২২ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে মাত্র একে।
ম্যাচে জয়ের জন্য রিয়ালকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। বক্সের ভেতরে ভিড়ের মধ্যে নোবেল মেন্দির বেপরোয়া ক্লিয়ারেন্সে ব্রাহিম দিয়াস ফেলে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে শান্ত মাথায় গোল করে চলতি মৌসুমে নিজের ২২তম লিগ গোল পূর্ণ করেন এমবাপ্পে।
এর আগে ম্যাচের ১৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ ফিনিশে এগিয়ে যায় রিয়াল। দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে বাম দিক থেকে কাট-ইন করে ১৬ গজ দূর থেকে লুপিং শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে বিরতির পরপরই সমতায় ফেরে রায়ো ভায়েকানো। আলভারো গার্সিয়ার বুদ্ধিদীপ্ত নকডাউন থেকে জর্জে দে ফ্রুটোস কাছ থেকে গোল করে থিবো কোর্তোয়ার কোনো সুযোগ রাখেননি।
ম্যাচে নাটকীয়তার শেষ ছিল না। ৮০তম মিনিটে দানি সেবাইয়োসের ওপর বাজে ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন পাথে সিস। আর যোগ করা সময়ে রদ্রিগোকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন পেপ চাভারিয়া। ফলে শেষটা রায়োকে খেলতে হয় নয়জন নিয়ে।
ম্যাচে আরেকটি দুশ্চিন্তার খবরও পেয়েছে রিয়াল। দশম মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরির শঙ্কায় মাঠ ছাড়তে হয় জুড বেলিংহামকে।
পুরো ম্যাচজুড়েই রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়ে। মাঝ সপ্তাহে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর সেই সমস্যা আবারও স্পষ্ট হয় বার্নাবেউয়ে। প্রথমার্ধে ইলিয়াস আখোমাখ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট শট নেন, আর বিরতির আগে আলভারো গার্সিয়ার শট ঠেকাতে হয় কোর্তোয়াকে।
দ্বিতীয়ার্ধে রিয়াল একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। এক পর্যায়ে আন্দ্রেই রাটিউ একা কোর্তোয়ার মুখোমুখি হলেও বেলজিয়ান গোলরক্ষক দৃঢ়তায় দলকে বাঁচান। পরে এমবাপ্পের শট ক্রসবারে লাগে, আবার এদুয়ার্দো কামাভিঙ্গার হেড পোস্টে লেগে ফিরে আসে।
স্টপেজ টাইমের গভীরে রদ্রিগোর শটে নিশ্চিত গোল বাঁচান রায়ো গোলকিপার অগুস্তো বাতাল্লা। তবে শেষ পর্যন্ত ১২ গজ থেকে ঠাণ্ডা মাথায় গোল করে রিয়ালের লজ্জা বাঁচান এমবাপ্পে।
এই জয়ে রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকল।
