ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি শাটল বাসের কাছে রাশিয়ার ড্রোন হামলায় ১২ জন মারা গেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী। খবর আল জাজিরার।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল টেলিগ্রামে লেখেন, আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত ১২ জন নিহত হন। আহত হয়েছেন সাতজন।
পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে এ হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।
জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন।
এদিকে রবিবার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।
