মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য মুখিয়ে আছে: দুলু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির বিজয় ঠেকানোর জন্য সূক্ষ্ম কারচুপির চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের জনগণ সচেতন আছে। কোনও ষড়যন্ত্র করে আর কাজ হবে না।

আজ সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় সময় দুলু এসব কথা বলেন।

মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য মুখিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিল। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো।

দুলু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় দেশের মানুষ এখন বিএনপিকে ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত