হুইপ দুলু

নাটোরের মাটিতে অন্যায়-সন্ত্রাস-চাঁদাবাজি আমি হতে দেব না

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের মাটিতে কোনও অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দেব না। আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই-ভাতিজা বাবা হলেও কোনও ছাড় নয়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলার পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ আরও বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি, আজ থেকে ৫ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি যে যতবড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে। কোনও মুখ দেখা দেখি না চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। শুধু বিএনপি নয়, জামায়াত-এনসিপি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ ছাড়া বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওবায়দুল্লাহ মীম।

এ সময় জেলা পর্যায়ের সকল কমকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত