ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা কমাতে রাশিয়া এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ বা সংরক্ষণের জন্য রাশিয়া আগেই নিজের সেবা দেওয়ার প্রস্তাব রেখেছিল।
এ বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার এজেন্ডায় রয়েছে।
পেসকভ বলেন, 'রাশিয়া দীর্ঘ সময় ধরেই একটি সম্ভাব্য বিকল্প হিসেবে নিজের সেবা দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে, যা কয়েকটি দেশের উদ্বেগ ও বিরক্তির কারণ দূর করতে সহায়ক হতে পারে।'
তিনি আরও জানান, 'বর্তমানে রাশিয়া সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং ইরানকে ঘিরে উত্তেজনা যতটা সম্ভব কমাতে নিজেদের প্রস্তুতি ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।'
