দেখা করতে গিয়ে শারীরিক সম্পর্ক, আইনজীবীর বিরুদ্ধে নারীর মামলা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

চট্টগ্রামে আইনজীবীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের কোতোয়ালি থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

তিনি নগরের বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত আইনজীবীর নাম জুয়েল দাশ (৪৩)। নগরের আন্দরকিল্লা সাবেরিয়া এলাকায় থাকেন তিনি।

মামলার এজাহার থেকে জানা গেছে, চট্টগ্রামের আদালতে পাড়ায় আসামি জুয়েল দাশের সঙ্গে পরিচয় হয় ৪০ বছর বয়সী ওই নারীর। গতবছরের জুন থেকে উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে৷ এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন আইনজীবী জুয়েল। দুজনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে জুয়েল দাশকে বিয়ের প্রস্তাব দেন ওই নারী। এরই ধারাবাহিকতায় গত বছরের ৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরের নন্দনকানন পুলিশ প্লাজায় জুয়েল দাশের সঙ্গে দেখা করতে যান তিনি। একইদিন বিয়ের প্রলোভন দেখিয়ে নন্দনকানন এলাকার হোটেল রোজ গার্ডেনের ৭০৫ নম্বর কক্ষে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন জুয়েল। এরপর থেকে একাধিকবার বিয়ের প্রস্তাব দিলে জুয়েল প্রত্যাখ্যান করেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এর আগে ধর্ষণ মামলা থেকে বাঁচতে তার বিরুদ্ধে মিথ্যা একটি মামলা দায়ের করেন আইনজীবী জুয়েল দাশ। মামলায় কিছুদিন কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

আইনজীবী জুয়েল দাশের বিরুদ্ধে নারীর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নগরের কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন। এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আইনজীবী জুয়েলের মোবাইলে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত