সাবেক নারী ক্রিকেটার ও জাতীয় দলের পেসার জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক নারী ক্রিকেট দলের নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে ওঠা আপত্তিকর আচরণ ও অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত কমিটি গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করেছে।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম এ সময় তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. নাইমা হক বিদেশে অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি।
তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগ সংশ্লিষ্ট সব বিষয় বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে এবং সেই ভিত্তিতেই প্রতিবেদন প্রস্তুত করে বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনটি এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে সাবেক নারী ক্রিকেট দলের নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাতীয় দলের পেসার জাহানারা আলম এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন, অশালীন প্রশ্ন করেছেন এবং অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত দিয়েছেন।
ওই অভিযোগ ঘিরেই বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে।
বিসিবির পদত্যাগীরা ফের স্বপদে বহাল