পঞ্চাশের দশক পুরোটাই স্মৃতি হয়ে যেতে শুরু করেছে। দেশের ক্রীড়াঙ্গন যে দশকে খুঁজে পেয়েছিল একঝাঁক তারকা। তারা একই সঙ্গে ফুটবলে আলো ছড়িয়েছেন, পাশাপাশি খেলেছেন হকি, ক্রিকেটসহ অন্য খেলাও। তাদেরই একজন চলে গেলেন সোমবার সকালে। পঞ্চাশের দশকের ডাকসাইটে গোলকিপার রণজিৎ দাস অনন্তলোকে যাত্রা শুরু করলেন ৯৩ বছর বয়সে। তার মহাপ্রয়াণে শুধু ফুটবলাঙ্গন নয়, শোকের ছায়া নেমে এসেছে হকি অঙ্গনেও। তিনি ছিলেন সব্যসাচী এক ক্রীড়াবিদ। একই সঙ্গে ফুটবল ও হকির শীর্ষ পর্যায়ে খেলা তারকাদের ছোট্ট তালিকা থেকে ঝরে গেল তার নাম। সোমবার আনুমানিক ৬টা ৫৫ মিনিটে সিলেটের করেরপাড়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ক্রীড়াব্যক্তিত্ব।
আগের দিন অনন্তলোকে পাড়ি জমিয়েছিলেন তার সময়কার আরেক ক্রীড়াব্যক্তিত্ব মোস্তফা কামাল। ফুটবল ও ভলিবল জগতে পরিচিত মুখ কামালকে অবশ্য মানুষ বেশি চিনতেন আজাদ স্পোর্টিং ক্লাবের কামাল হিসেবে। সেই ক্লাবেই রণজিৎ ক্যারিয়ারের বড় একটা সময় খেলেছেন। মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটিকে যেন শোকের ছায়া জড়িয়ে ধরেছে আষ্টেপিষ্ঠে। বার্ধক্যজনিত নানা রোগে গেল কয়েক বছর ধরেই ভুগছিলেন রণজিৎ দাস। স্মৃতিশক্তি হারিয়ে ছিলেন, কথাও বলতে পারতেন না। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন, অগুনিত ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চললেন অজানার পথে। ১৯৫৫ সালে ইস্পাহানি ক্লাব দিয়ে ফুটবলের শুরুটা হয়েছিল তার। এরপর আজাদ স্পোর্টিংয়ে কাটিয়েছেন বড় একটা সময়। তার নেতৃত্বেই ১৯৫৮ সালে আজাদ স্পোর্টিং জিতেছিল মর্যাদার লিগ শিরোপা। পাশের মোহামেডানের সাদা-কালো জার্সিতেও খেলেছেন দেশের অন্যতম সেরা গোলকিপারদের তালিকায় ওপরের দিকে থাকা রণজিৎ। ১৯৫৭ সালে কলকাতা মোহামেডানের হয়ে ডুরান্ড কাপে খেলেছেন। ফুটবলের পাশাপাশি হকিতেও তার সরব পদচারণা ছিল। পূর্ব পাকিস্তান ফুটবল দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন। আবার পূর্ব পাকিস্তান হকি দলের পোস্ট আগলানোর পাশাপাশি অধিনায়কত্বও করেছেন। ষাটের দশকে দুই অঙ্গনেই তিনি ছিলেন সক্রিয়। দীর্ঘ ক্যারিয়ার শেষে যুক্ত হয়েছিলেন কোচিংয়ে। আজাদকে দীর্ঘদিন কোচিং করান। খেলোয়াড়ি জীবনে ছিল একটাই আক্ষেপ। উচ্চতা একটু কম থাকায় কখনোই পাকিস্তান জাতীয় ফুটবল দলে ডাক পাননি তিনি।
যাওয়ার বেলায় প্রিয়তম স্ত্রী রেখা দাসকে একা করে রেখে চলে গেলেন রণজিৎ। বছর দুই আগে বিদায় নিয়েছেন কিংবদন্তি জাকারিয়া পিন্টু। অজানার পথের পথিক হয়েছেন জহিরুল হকও। এবার তাদের পথ ধরেছেন রণজিৎ। একে একে খসে পড়ছে তারা। রণজিৎ দাসের মৃত্যুতে পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশন।
